Share News


সানু, এখন কলকাতা; অবশেষে মনোনয়ন পরীক্ষায় পাশ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রয়োজনীয় নথি সংক্রান্ত জট কাটতেই গৃহীত হয়েছে তাঁর মনোনয়নপত্র। শুক্রবার বিধানসভায় স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হওয়ার পর হাসিমুখে বাইরে বেরিয়ে স্বস্তির বার্তা দেন তিনি।

বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। এরপর যে কাজ ও দায়িত্ব পাব, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”

গত বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন বিজেপির প্রার্থী রাহুল সিনহা (বিশ্বজিৎ সিনহা)। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হবেন বলেই প্রায় নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। তবে মনোনয়ন জমা দেওয়ার পর জানা যায়, প্রয়োজনীয় নথির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাগজ, অর্থাৎ মামলা সংক্রান্ত একটি নথিতে কিছু গলদ রয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে মনোনয়নপত্রের স্ক্রুটিনি শুরু হওয়ার কথা ছিল। তার আগেই ওই নথি জমা দেওয়ার জন্য রাহুলকে জানানো হয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই তিনি প্রয়োজনীয় নথি জমা দেন।

এদিন স্ক্রুটিনি শুরুর আগেই বিধানসভায় উপস্থিত হন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত সব জট কাটিয়ে গৃহীত হয় রাহুল সিনহার মনোনয়নপত্র।

স্ক্রুটিনি পর্ব শেষ হতেই তাঁর মুখে স্বস্তির হাসি দেখা যায়। সবকিছু ঠিকঠাক থাকলে এবার রাজ্যসভায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে বিজেপির এই নেতার।