Share News নিউজ ব্যুরো, এখন কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই বড় প্রশাসনিক পদক্ষেপ নিল Election Commission of India। কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব—এই দুই গুরুত্বপূর্ণ পদে বদলি আনা হয়েছে। নন্দিনী চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে জগদীশ প্রসাদ মিনা-র জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষ, যিনি এতদিন হোম ও হিল অ্যাফেয়ার্স দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে, সোমবার দুপুর তিনটের মধ্যে নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যাঁদের সরানো হয়েছে তাঁদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন সংক্রান্ত কাজে পোস্টিং দেওয়া যাবে না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই এই ধরনের বড় প্রশাসনিক পরিবর্তন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে জল্পনা রয়েছে যে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক স্তরে আরও কিছু পরিবর্তন আসতে পারে। এর আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে রাজ্য সরকারের তরফেও পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করা হয়। দার্জিলিঙের জেলাশাসক পদ থেকে মণীশ মিশ্রকে সরিয়ে অন্য দফতরে পাঠানো হয়েছে এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকেও অন্য পদে বদলি করা হয়েছে। পাশাপাশি কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন পদে আরও কয়েকজন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। এছাড়া একাধিক থানার আইসি-সহ মোট ২৭ জন পুলিশ অফিসারেরও স্থানান্তর করা হয়েছে। রবিবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণ বিধি চালু করেছে। তার আগেই প্রশাসনিক রদবদলের ঘোষণা করেছিল নবান্ন, ফলে ভোটের আগে প্রশাসনে এই ধারাবাহিক পরিবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। Post navigation লোকভবনে শপথ আরএন রবির, উপস্থিত মুখ্যমন্ত্রী—অনুপস্থিত বিরোধী শিবির ভোট ঘোষণার পরই রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল নির্বাচন কমিশনের