Share News

নিউজ ব্যুরো, এখন কলকাতা : লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনও প্রতিনিধিকে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি।

এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। তাঁর ইস্তফার পরই স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্র নারায়ণ রবিকে, যিনি এতদিন তামিলনাড়ু-র রাজ্যপাল ছিলেন। সেখানে দায়িত্বে থাকাকালীন একাধিক ইস্যুতে ডিএমকে সরকারের সঙ্গে তাঁর সংঘাত প্রকাশ্যে আসে, বিশেষ করে বিভিন্ন বিল অনুমোদন নিয়ে বিরোধ চরমে ওঠে।

বুধবারই রাজভবন (বর্তমানে লোকভবন)-এর অফিসিয়াল এক্স হ্যান্ডলে রাজ্যবাসীর উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লেখেন আনন্দ বোস। তিনি পশ্চিমবঙ্গকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে উল্লেখ করে বলেন, এই রাজ্যের সঙ্গে তাঁর সম্পর্ক অবিচ্ছেদ্য। চিঠিতে তিনি মহাত্মা গান্ধী-র উক্তি তুলে ধরে লেখেন—“আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।”

এই মন্তব্য ঘিরেই নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, কেন্দ্রের চাপেই তাঁকে ইস্তফা দিতে হয়েছে এবং বাংলায় নতুন রাজ্যপাল পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

পদত্যাগের কারণ নিয়ে রহস্য বজায় রেখে আনন্দ বোস আগে বলেছিলেন, “সময়ে সব বলব।” বিদায়ের চিঠিতে তিনি আরও জানান, রাজ্যপালের দায়িত্ব শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর পথচলা এখানেই শেষ নয়। তাঁর এই মন্তব্যই এখন নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।