Share News কলকাতা, ১১ অক্টোবর: বাংলা সাহিত্য, শিল্প ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ‘হুজুগে বাঙালি’-র ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কলকাতার হাতিবাগানের বয়েজ ওন লাইব্রেরি অডিটোরিয়ামে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের বার্ষিক শারদ সংখ্যা ও মুখপত্র ‘অদ্বিতীয়া শারদ–১৪৩৩’-এর পঞ্চম সংখ্যার প্রকাশ। পাঁচ বছরের সাহিত্যযাত্রাকে উদ্যাপন করে প্রকাশিত এই সংখ্যায় স্থান পেয়েছে প্রায় ৩৫০ জন লেখকের সাহিত্যকর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব হরিপদ ভৌমিক, ড. সমুদ্র বসু, প্রিয়া ও মহাশ্বেতা মুখার্জি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্তা প্রকাশনের কর্ণধার সৌরভ বিশাই। এছাড়াও বিশিষ্ট অতিথি ও লেখক হিসেবে উপস্থিত ছিলেন রণিত ভৌমিক ও মোহাম্মদ ওয়াসিম। পত্রিকার ‘অতিথি কলম’ বিভাগে মহেশ্বর গোস্বামী, অনিকেত দেবনাথ, লক্ষ্মীশ্রী, শান্ত বণিক, শব্দ সুমিত ও শঙ্খদীপ জানা-সহ একাধিক লেখকের সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাঁদের লেখার মাধ্যমে এই সাহিত্য আয়োজনে অংশীদার হয়েছেন তাঁরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল একাধিক সাহিত্যিক ও সাংস্কৃতিক সংস্থা এবং সামাজিক মাধ্যমের পেজ পরিবার। তাদের মধ্যে ছিল আলিনগরের ঐতিহ্য, মশলার কৌটো, অজানা কথা, নান্দনিক, বৃষ্টিনীল, গয়নার বাক্স, মনমর্জিয়া ও ‘দ্য ক্রেয়নস’ পেজ পরিবার। এদিন আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা সামনে আসে। স্বপ্নউড়ান প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আসন্ন বার্ষিক অনুষ্ঠানে ‘হুজুগে বাঙালি’-কে ‘বর্ষসেরা পেজ’ সম্মান প্রদান করা হবে। সংগঠনের ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই ঘোষণা সদস্যদের মধ্যে নতুন উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে ‘হুজুগে বাঙালি’ নিয়মিত কাজ করে চলেছে। নবীন ও প্রতিষ্ঠিত লেখকদের একত্রিত করে সাহিত্যচর্চার একটি মিলনমঞ্চ গড়ে তোলাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। ‘অদ্বিতীয়া শারদ’-এর পাঁচ বছরের পথচলা এবং সংগঠনের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক উদ্যোগেরই পরিচায়ক। Post navigation তালসারির সমুদ্রে শ্যুটিংয়ে মর্মান্তিক মৃত্যু, না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়