Share News

নিউজ ব্যুরো,এখন কলকাতা : সল্টলেকে নবনির্মিত কলকাতা মেট্রো-র গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন-এর বাইরে চাঙড় খসে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে স্টেশনের প্রবেশপথের বাইরের অংশ থেকে কংক্রিটের একটি অংশ ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও ঘটনায় কোনও যাত্রী আহত হননি, তবুও নতুন স্টেশনে এমন ঘটনায় পরিষেবার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।উল্লেখ্য, সম্প্রতি ব্লু লাইনে একাধিক প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝেমধ্যেই পরিষেবা ব্যাহত হয়েছে। তারই মধ্যে গ্রিন লাইনের স্টেশনে এই ঘটনা যাত্রীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই স্টেশনের বাইরের ছাদের একাংশ থেকে চাঙড় খসে পড়ে। সেই সময় আশপাশে কয়েকজন যাত্রী থাকলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়।খবর পেয়ে মেট্রো রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ইঞ্জিনিয়াররাও স্টেশন পরিদর্শন করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্মাণজনিত ত্রুটি বা প্লাস্টারিংয়ের সমস্যার জেরেই এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।যাত্রীদের একাংশের দাবি, নতুন স্টেশনে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে সমস্ত স্টেশনের কাঠামোগত সুরক্ষা খতিয়ে দেখা উচিত। যদিও মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না এবং প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করা হবে।