Share News

সানু, এখন কলকাতা ; ভোটের মুখে পশ্চিমবঙ্গে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ ভোটার। বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া (এসআইআর) চলাকালীন রাজ্যে প্রায় ৫৪ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আরও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় ঝুলে রয়েছে। ভোট যত এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে—এই বিপুল সংখ্যক ভোটারের সমস্যার সমাধান আদৌ সময়ের মধ্যে সম্ভব কি না।

এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কী হবে, তা তিনি এই মুহূর্তে বলতে পারবেন না। তাঁর কথায়, এত বিপুল সংখ্যক আবেদন খতিয়ে দেখা সহজ নয় এবং সবকিছুর জন্য পর্যাপ্ত সময়ও নেই।

নির্বাচনের আগে এত সংখ্যক ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিরোধী মহলের দাবি, ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এমন পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। অনেকেই আশঙ্কা করছেন, সময়মতো নিষ্পত্তি না হলে বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি, বিচারাধীন এই বিপুল সংখ্যক ভোটারের নাম চূড়ান্ত তালিকায় কীভাবে এবং কবে অন্তর্ভুক্ত করা হবে। ফলে ভোটের আগে এই অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।