Share News

সানু, এখন কলকাতা; বিধানসভা চত্বরে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য মোট পাঁচজন প্রার্থী বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেন, যার মধ্যে চারজনই তৃণমূল কংগ্রেসের। তাঁদের মধ্যেই ছিলেন বাবুল সুপ্রিয়।

মনোনয়ন জমা দেওয়ার পর বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময় এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, সেটা কি ঢুকতে পারেননি?” এই প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করেন বাবুল সুপ্রিয়। তিনি পালটা প্রশ্ন করেন, “এই ধরনের প্রশ্ন কেন করছেন? এর মানে কী?” এরপর সাংবাদিক আবার জানতে চান, “রাজ্যের মন্ত্রী থেকে রাজ্যসভায় যাওয়া, টিম ইলেভেনে না থাকার কারণ কী?”

এই প্রশ্নে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বাবুল সুপ্রিয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের প্রশ্নের উত্তর তিনি দেবেন না। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর তিনি সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের দিকে এগিয়ে যান এবং তাঁর ভিডিও ফুটেজ মুছে ফেলার দাবি জানান। সাংবাদিকরা সেই দাবি মানতে অস্বীকার করলে বাবুল বলেন, তাঁর অনুমতি ছাড়া সেই ফুটেজ সম্প্রচার করা যাবে না। তিনি আরও দাবি করেন, তাঁকে যে কোনও প্রশ্ন করার অধিকার সাংবাদিকদের নেই এবং তাঁর বক্তব্য প্রচার করার ক্ষেত্রেও তাঁর অনুমতি প্রয়োজন।

এই ঘটনার জেরে বিধানসভা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।