Share News সানু, এখন কলকাতা, ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসার আগেই বৃহস্পতিবার ধর্নায় বসেন তিনি। SIR ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্লজ্জ, বেহায়া বিজেপি এবং তাদের দালাল নির্বাচন কমিশন। এই লজ্জা ঢাকার কোনও জায়গা নেই।” তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। সেই কারণেই প্রতিবাদ জানাতে এই ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, SIR সংক্রান্ত ঘটনার জেরে যাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাদের পরিবারের সদস্যরাও ধর্না মঞ্চে আসবেন। তাঁদের পাশে দাঁড়াতে এবং বিষয়টি দেশের সামনে তুলে ধরতেই এই আন্দোলন বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। ধর্না মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজ্যের উপর চাপ তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশনও সেই চাপে কাজ করছে বলে তাঁর অভিযোগ। জানা গিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বোঝাতে এবং প্রতিবাদ জোরদার করতে মুখ্যমন্ত্রী রাতেও ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চে থাকতে পারেন। ফলে এই আন্দোলন ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বাড়ছে। Post navigation রাজ্যসভা মনোনয়ন ঘিরে উত্তেজনা, সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বাবুল সুপ্রিয় তারকা নেতা এলেও ভিড় নেই! ‘পরিবর্তন যাত্রা’য় অস্বস্তিতে বিজেপি