Share News

শুভশ্রী, এখন কলকাতা : বাংলা টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এক বড় চমক। এতদিন কুইজ রিয়ালিটি শো দাদাগিরি-র মঞ্চ মাতানোর পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে ‘মহারাজ’কে। বাংলায় শুরু হতে চলা জনপ্রিয় রিয়ালিটি শো Bigg Boss-এর সঞ্চালনার দায়িত্বে থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক Sourav Ganguly।‘প্রিন্স অফ ক্যালকাটা’ নামে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট মাঠে যেমন নেতৃত্ব ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনই টেলিভিশনের পর্দায় সঞ্চালক হিসেবেও তিনি অত্যন্ত জনপ্রিয়। তাঁর বুদ্ধিদীপ্ত মন্তব্য, রসবোধ এবং উপস্থিত বুদ্ধি ‘দাদাগিরি’র মঞ্চকে আলাদা মাত্রা দিয়েছে। ফলে ‘বিগ বস’-এর মতো বিতর্ক ও নাটকীয়তায় ভরপুর রিয়ালিটি শোয়ে তাঁর উপস্থিতি যে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।সূত্রের খবর, বাংলা সংস্করণের ‘বিগ বস’ শিগগিরই সম্প্রচারিত হতে চলেছে। প্রতিযোগীদের মধ্যে থাকবেন টলিপাড়ার পরিচিত মুখ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তিত্বরা। আর তাঁদের পারস্পরিক সম্পর্ক, কৌশল, দ্বন্দ্ব ও আবেগের ওঠাপড়া সামলাবেন স্বয়ং মহারাজ।ক্রিকেটার থেকে প্রশাসক, সঞ্চালক থেকে আইকন—বহুমুখী প্রতিভার অধিকারী সৌরভের এই নতুন ইনিংস ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। বাংলা টেলিপর্দায় ‘বিগ বস’ কতটা সাড়া ফেলতে পারে, তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।