Share News

নিউজ ব্যুরো, কোলকাতা :ইজরায়েল–ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতেই সোমবার বাজার খুলতেই বড় ধস নামে। তীব্র বিক্রির চাপে ব্যাপক পতন দেখা যায় সূচকগুলিতে। বিশেষ করে BSE Sensex এবং Nifty 50 উল্লেখযোগ্যভাবে নীচে নেমে যায়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কয়েক মুহূর্তের মধ্যেই বাজার মূলধনে বিপুল ক্ষতি হয়।গত শুক্রবার বাজার বন্ধের সময় Bombay Stock Exchange-এ নথিভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন ছিল ৪৬,৩৫০,৬৭১.২৭ কোটি টাকা। কিন্তু সোমবার লেনদেন শুরু হতেই তা কমে দাঁড়ায় ৪৪,৫৯১,৬৬০.৬০ কোটি টাকায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে প্রায় ১৭,৫৯,০১০.৬৭ কোটি টাকা উধাও হয়ে যায়। বাজার বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরেই এই পতন।ব্যাংকিং, আইটি ও ধাতু খাতের শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বিক্রি লক্ষ্য করা যায়। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রির চাপও পরিস্থিতিকে আরও জটিল করেছে। নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ায় স্বর্ণ ও অপরিহার্য পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কে সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি। পরিস্থিতি স্থিতিশীল হলে বাজার ঘুরে দাঁড়াতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তারা। তবে আপাতত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির দিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা।