Share News

নিউজ ব্যুরো, এখন কলকাতা : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়তে পারে ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলেও। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল পিছিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ক্রিকেট মহলে জোর জল্পনা। বোর্ডের এক শীর্ষকর্তার কথাতেও মিলেছে তেমনই ইঙ্গিত।মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়েছে। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কেন্দ্র সরকার ‘এসমা’ জারি করেছে। এই অবস্থায় আইপিএলের মতো বিশাল আয়োজন করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এত বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য হোটেল, ড্রেসিংরুম, স্টেডিয়াম-সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়।এ প্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তিনি বলেন, “সব কিছু এখনও স্পষ্ট নয়। তাই এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। পরিস্থিতি যেদিকে যাবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।” তাঁর এই মন্তব্যেই পরিষ্কার, বোর্ড এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।তবে আইপিএল পুরোপুরি বাতিল করার কথা আপাতত ভাবা হচ্ছে না। বোর্ড সূত্রে খবর, শেষ মুহূর্ত পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালানো হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে তখনই আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।