Share News

শুভশ্রী, এখন কলকাতা : পুরুলিয়া ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম অনাদি মাহাতো (২৯)। তিনি পুরুলিয়ার ঝালদা দু’নম্বর ব্লকের খৈরি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার কর্ণাটকের বেঙ্গালুরুতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে অভিযোগ, মৃতদেহ উদ্ধারের পরেও দীর্ঘ সময় ময়নাতদন্ত না হওয়ায় সন্দেহ দানা বাঁধে।পরিবারের দাবি, সোমবার রাত ১১টা থেকে প্রায় ১২টা পর্যন্ত স্ত্রী প্রীতিলতা মাহাতোর সঙ্গে ফোনে কথা বলেন অনাদি। তিন বছরের ছেলে ও ছয় বছরের মেয়ের সঙ্গেও ভিডিও কলে কথা হয় তাঁর। প্রতিদিনের মতো ভোরে ফোন না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই জানতে পারেন, অনাদি অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর খবর আসে।ঘটনার পর মৃতের পরিবার পুরুলিয়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি উজ্জ্বল কুমারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর মাধ্যমে বিষয়টি পৌঁছয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর দপ্তরে। অভিযোগ পাওয়ার পরই হস্তক্ষেপ করেন তিনি। এরপর বুধবার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে বিমানে মৃতদেহ ঝাড়খণ্ডের রাঁচিতে আনা হবে। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে পুরুলিয়ার গ্রামে পৌঁছবে অনাদির দেহ। ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসী। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তাঁরা।