Share News শুভশ্রী, এখন কলকাতা :রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রয়োজনীয় নথিতে ত্রুটির জেরে তাঁর ‘নিশ্চিত’ বলে ধরা রাজ্যসভার আসনও হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে বিধানসভায় প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের স্ক্রুটিনি শুরু হয়েছে।জানা গিয়েছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপির একমাত্র প্রার্থী রাহুল সিনহা একাধিক ভুল করেছিলেন। দফায় দফায় তাঁকে নতুন করে ফর্ম পূরণ করতে হয়। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যার দিকে তাঁর মনোনয়নপত্র প্রাথমিকভাবে গৃহীত হলেও একটি গুরুত্বপূর্ণ নথিতে ত্রুটি ধরা পড়ে। নির্বাচন কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয়েছে, স্ক্রুটিনি শুরুর আগেই সেই নথি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা জমা না পড়লে তাঁর মনোনয়ন বাতিল হতে পারে।এই পরিস্থিতিতে শুক্রবার বিধানসভায় নজিরবিহীনভাবে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজনৈতিক মহলের একাংশের মতে, পরিস্থিতি সামাল দিতেই তাঁর এই উপস্থিতি। যদিও সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।যদি শেষ পর্যন্ত রাহুল সিনহার মনোনয়ন বাতিল হয়, তবে ওই আসনের জন্য নতুন করে ভোট ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। ওই আসনে তখন তৃণমূল কংগ্রেস আবার প্রার্থী দেওয়ার সুযোগ পাবে।বর্তমানে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা প্রায় ২২০, যেখানে বিজেপির রয়েছে মাত্র ৬৫ জন বিধায়ক। ফলে ভোটাভুটি হলে ওই আসনটি সহজেই তৃণমূলের ঝুলিতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই রাহুল সিনহার মনোনয়ন ঘিরে তৈরি হওয়া এই জটিলতা এখন রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। Post navigation রাজ্যসভায় তৃণমূলের চমকপ্রার্থী! সংবিধান ও সমানাধিকারের বার্তা চার মুখে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কলকাতায়: আপাতত বন্ধ ডবল এলপিজি সিলিন্ডারের নতুন সংযোগ