Share News

দিপায়ণ ঘোষ, এখন কলকাতা : মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনের সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় একাধিক দোকান। প্রাথমিকভাবে অনুমান, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা বড় আকার ধারণ করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।পুলিশও ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করেছে। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি, তবে কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা জোরকদমে চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।