Share News দিপায়ণ ঘোষ এখন কলকাতা, মেদিনীপুরে ইতিহাসের সাক্ষী বার্জ টাউন, সংরক্ষণের অভাবে ভগ্নপ্রায় ব্রিটিশ বাংলোমেদিনীপুর: স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মেদিনীপুর এক গৌরবময় অধ্যায়। ব্রিটিশবিরোধী সংগ্রামে এই জেলা একসময় বিদ্রোহের আঁতুড়ঘর হয়ে উঠেছিল। ক্ষুদিরাম বসু, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্তের মতো বিপ্লবীদের আত্মত্যাগ আজও গর্বের সঙ্গে স্মরণ করা হয়। সেই উত্তাল ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মেদিনীপুর শহরের বার্জ টাউনের ব্রিটিশ আমলের একটি বাংলো।স্বাধীনতার আগে এই ভবনেই বাস করতেন তৎকালীন ব্রিটিশ জেলাশাসক বার্জ। ইতিহাসবিদদের মতে, তাঁর এই বাসভবন থেকেই জেলার প্রশাসনিক কার্যকলাপ পরিচালিত হত। কার্যত সেটিই ছিল জেলা কালেক্টরের অঘোষিত কার্যালয় এবং ব্রিটিশ শাসনের ক্ষমতার কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, বার্জ সাধারণ মানুষের উপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। ১৯৩৩ সালের সেপ্টেম্বরে বিপ্লবী অনাথবন্ধু পাঁজা ও মৃগেন্দ্রনাথ দত্ত তাঁকে হত্যা করেন। এই ঘটনায় ব্রিটিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।বর্তমানে বাংলোটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। চারপাশ আগাছায় ঢেকে গেছে, দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, কিছু অংশ ভেঙেও গিয়েছে। সংরক্ষণের অভাবে ঐতিহাসিক এই স্থাপত্য ধীরে ধীরে বিলুপ্তির পথে। স্বাধীনতার পর নতুন জেলাশাসক ভবন নির্মিত হলেও, বার্জ টাউনের এই পুরনো বাংলো আজও মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বহন করছে। ইতিহাসপ্রেমীদের মতে, দ্রুত সংরক্ষণ না হলে হারিয়ে যাবে অতীতের এই গুরুত্বপূর্ণ দলিল। Post navigation পহেলগাঁও হামলা তদন্তে বড় অগ্রগতি: গো প্রো ক্যামেরার তথ্য পেতে বেজিংয়ের দ্বারস্থ এনআইএ মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন, জ্বলছে একাধিক দোকান