Share News

দিপায়ণ ঘোষ, এখন কলকাতা : মেলায় বাইক পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষ, রাজপুর–সোনারপুরে পুলিশ পিকেটদক্ষিণ ২৪ পরগণার রাজপুর–সোনারপুরের দোলতলা এলাকায় মেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। সামান্য বাইক পার্কিং নিয়ে বচসা থেকে দু’পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, রড, উইকেট ও লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালানো হয়। ঘটনায় মহিলাদের হেনস্থার অভিযোগও উঠেছে। মারামারিতে কমপক্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।জানা গিয়েছে, রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতিবছরের মতো এ বছরও মেলা বসেছে। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মেলায় ভিড় জমিয়েছিলেন। সেই সময় এক ব্যক্তির বাইক পার্ক করা নিয়ে বিবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এদিনের ঘটনায় মুন্না জাকির মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সঞ্জয় সাউ নামে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ রয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশিস দাস ও ঋতুপর্ণা ঘোষ।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। দু’পক্ষই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।