Share News

শুভশ্রী, এখন কলকাতা : সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কলকাতার উপকণ্ঠে আমিনপুর গোলাবাড়ি রোডের বারমল্লিকা এলাকায়। মৃতের নাম আকাদ আলী (৫৫)। বাড়ির সামনেই নিজের ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় হঠাৎই একটি দ্রুতগতির ইট বোঝাই ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে তাঁর উপর গিয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় এলাকায় স্বাভাবিক যান চলাচল চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ম্যাক্স গাড়িটি অতিরিক্ত গতিতে আসছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে সরাসরি আকাদ আলীর উপর গিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পুরো ঘটনাটি নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, চালকের কোনও গাফিলতি ছিল কি না, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটি—সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে।ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আমিনপুর গোলাবাড়ি রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন