Share News

শুভশ্রী, এখন কলকাতা : আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁও এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার হয় এবং এক যুবককে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এএসআই মহবুব হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টিম ৩০ বছর বয়সী প্রবীশ ছেত্রীকে গ্রেফতার করে। তিনি পরমেশ ছেত্রী নামেও পরিচিত। ধৃত যুবক তুরসা টি গার্ডেনের জিপি–১ এলাকার ছেত্রী লাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রথমে সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১,০৮৩টি নিষিদ্ধ “ল্যাবোরেট” নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তবর্তী এলাকাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত। উদ্ধার হওয়া ক্যাপসুলগুলির বাজারমূল্যও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতকে আদালতে পেশ করা হয়েছে এবং পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় সীমান্ত এলাকায় মাদক কারবার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনে আরও কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান চালানো হবে, যাতে এ ধরনের বেআইনি কারবার পুরোপুরি রুখে দেওয়া যায়।