Share News সানু মন্ডল, এখন কলকাতা : পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে সিপিএমের অবস্থান বিক্ষোভকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল রাজ্যে। বুধবার রাতে সোশাল মিডিয়ায় কটাক্ষ করলেন প্রাক্তন বামনেতা তথা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রতীক উর রহমান। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, পাশাপাশি কমেন্ট বক্সে শুরু হয়েছে কটাক্ষের ঝড়।বুধবার পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে কলকাতার সিইও দপ্তরের সামনে রাতভর অবস্থান বিক্ষোভে বসেন সিপিএম নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রবীণ নেতা বিমান বসু-সহ একাধিক নেতা-কর্মী। এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।এই ঘটনাকে ঘিরেই রাতে ফেসবুকে পোস্ট করেন প্রতীক উর রহমান। তিনি লেখেন, “আবার প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী ৬ মার্চ SIR ইস্যুতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। জয় বাংলা।”প্রতীক উরের এই পোস্ট ঘিরে তুমুল প্রতিক্রিয়া দেখা যায় সোশাল মিডিয়ায়। অনেকেই তাঁর মন্তব্যকে কটাক্ষ করে নানা ধরনের মন্তব্য করেন। কেউ লেখেন, “তোমার মাথা একেবারেই গেছে”, আবার কেউ খোঁচা দিয়ে লেখেন, “দু’দিনের বৈরাগী…”।উল্লেখ্য, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে আগামী ৬ মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই সিপিএমের অবস্থান এবং তৃণমূল নেতার কটাক্ষ ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে রাজ্যে। Post navigation ভোটের মুখে হুমায়ুন কবীরকে Y+ সুরক্ষা, কেন্দ্রের সিদ্ধান্তে রাজনৈতিক চর্চা তুঙ্গে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় নীতীশ, নিজেই জানালেন কারণ