Share News সানু মন্ডল, এখন কলকাতা :দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হতে চান তিনি। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের রাজনীতির কেন্দ্রে রয়েছেন নীতীশ কুমার। তাঁর নেতৃত্বেই দীর্ঘ সময় ধরে রাজ্যে সরকার পরিচালিত হয়েছে। এই পরিস্থিতিতে আচমকা তাঁর রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, বিজেপির চাপেই নীতীশকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে নীতীশ নিজেই জানিয়েছেন, রাজ্যসভায় যাওয়া তাঁর ব্যক্তিগত ইচ্ছা।সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে নীতীশ লিখেছেন, “গত দু’দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার উপর আস্থা রেখেছেন। আপনাদের সমর্থনেই বিহারের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। সেই আস্থা ও সমর্থনের জোরেই আজ বিহার উন্নয়ন ও সম্মানের নতুন মাইলফলক স্পর্শ করতে পেরেছে।”তিনি আরও জানান, সংসদীয় রাজনীতিতে প্রবেশের শুরু থেকেই তাঁর ইচ্ছা ছিল সংসদের দুই কক্ষ এবং বিহার বিধানসভার দুই কক্ষেই সদস্য হওয়ার। সেই লক্ষ্যেই এবারের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।সূত্রের খবর, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ততদিন পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকবেন নীতীশ কুমার। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার রাজনৈতিক শিবির পরিবর্তনের কারণে বিরোধীদের কাছে ‘পল্টুরাম’ তকমাও পেয়েছেন তিনি। এবার তাঁর রাজ্যসভা যাত্রা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। Post navigation সিপিএমের ধর্না ঘিরে কটাক্ষ প্রতীক উরের, সোশাল মিডিয়ায় তুমুল বিতর্ক অভিভাবকদের স্বস্তি, বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে বিনামূল্যের টিকা