Share News শুভশ্রী, এখন কলকাতা : হাওড়ার পিলখানায় প্রকাশ্যে প্রোমোটার শফিক খান খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার আটদিন পর দিল্লি থেকে গ্রেফতার করা হল মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে। গোলাবাড়ি থানার একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। পরে তাদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হবে বলে জানা গিয়েছে।গত ২৫ ফেব্রুয়ারি কাকভোরে পিলখানা রোডে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় প্রোমোটার শফিক খানকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাঁর পাশেই দাঁড়িয়ে ছিল দুই অভিযুক্ত। আচমকাই রোহিত হোসেন প্রথম গুলি চালায়। এরপর মৃত্যু নিশ্চিত করতে একাধিক রাউন্ড গুলি চালায় হারুন খান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শফিক খান। এরপর মোটরবাইক ও ট্যাক্সি ধরে তারা দ্রুত এলাকা ছাড়ে।খুনের পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের আবেদনের ভিত্তিতে তদন্তভার নেয় সিআইডি (CID)। তদন্তে জানা যায়, অভিযুক্তরা প্রথমে জোড়াসাঁকো থেকে গার্ডেনরিচে যায়। সেখান থেকে গাড়িতে বিহার হয়ে শেষমেশ দিল্লিতে গা ঢাকা দেয়। অবশেষে প্রযুক্তিগত নজরদারি ও সূত্রের ভিত্তিতে তাদের অবস্থান চিহ্নিত করে পুলিশ।ভোটের আগে প্রকাশ্য দিবালোকে এই খুন ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল হাওড়ায়। মূল অভিযুক্তদের গ্রেফতারে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। এখন জিজ্ঞাসাবাদে উঠে আসবে খুনের নেপথ্যের আসল কারণ, এমনটাই মনে করছে তদন্তকারী মহল। Post navigation বিয়ের মরশুমে বড় সুখবর, এক লাফে কমল সোনা-রুপো নেপাল ভোটের কারণে বন্ধ সীমান্ত, ব্যবসায়ীরা চিন্তিত