Share News শুভশ্রী, এখন কলকাতা : বাংলায় বিধানসভা নির্বাচন এক দফায় নয়—বহু দফায় হওয়ারই ইঙ্গিত মিলল মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর সূত্রে। রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও ভোটকর্মীর অভাবের কারণে এক দফায় ভোট আয়োজন কার্যত অসম্ভব বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। দু’দিনের পর্যালোচনা বৈঠকের পর সেই অবস্থানই মেনে নিয়েছে নির্বাচন কমিশন। ফলে এক দফায় ভোটের ভাবনা আপাতত বাতিল।নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৯ মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। নেতৃত্বে থাকবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দু’দিন রাজ্যে থেকে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করবেন তাঁরা। ফুল বেঞ্চের সফর শেষে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা।এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এসপি-সহ শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়। দিল্লি থেকে ভার্চুয়ালি যোগ দেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী।বৈঠকে স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কড়া বার্তা দেওয়া হয়েছে। বাহিনী যাতে কোনও ধরনের আতিথেয়তা গ্রহণ না করে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশকে। পাশাপাশি, এ বার ওয়েব কাস্টিংয়ে নজরদারিতে কড়াকড়ি বাড়ানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীদের চার ঘণ্টার বেশি ডিউটি দেওয়া হবে না এবং প্রত্যেককে লিখিত রিপোর্ট জমা দিতে হবে। গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিককে দায়বদ্ধ করা হবে। প্রয়োজনে মাইক্রো অবজার্ভারের মতো কেন্দ্রীয় কর্মীও নিয়োগ করা হতে পারে। Post navigation SIR আবহে নাগরিকত্বের ঢল, বাংলায় আরও ২ কমিটি গড়ল কেন্দ্র Iran-Israel সংঘাতে বড় ধাক্কা শিক্ষায়, স্থগিত সিবিএসই বোর্ড এক্সাম