Share News সানু মন্ডল, এখন কলকাতা : রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্না মঞ্চ থেকেই তিনি জানালেন, শনিবার ৭ মার্চ থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে। ফলে রাজ্যের বহু বেকার যুবক-যুবতীর মধ্যে স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।রাজ্য বাজেটে আগেই বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন যোগ্য আবেদনকারীরা। শুরুতে জানানো হয়েছিল, আগামী এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। তবে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর)-এর প্রতিবাদে ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৭ মার্চ থেকেই টাকা দেওয়া শুরু হবে।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে—যাঁরা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাঁচ বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বেকার যুবসমাজের আর্থিক সহায়তার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। Post navigation পাইকপাড়ায় বিস্ফোরণে ছাদ উড়ল, ভাঙল টিনের চাল, সকালবেলায় বিকট শব্দে আতঙ্কে কাঁপল এলাকা গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা, ‘গ্যাস নাই, রান্না নাই’ স্লোগানে মিছিল কাল