Share News

সানু মন্ডল, এখন কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও উচ্চপদস্থ প্রতিনিধির উপস্থিতি না থাকাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, দেশের সাংবিধানিক প্রধানের প্রতি এই আচরণ অসম্মানজনক এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সব সীমা লঙ্ঘন করেছে।প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই পালটা জবাব দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদির পোস্টটি শেয়ার করে তিনি সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। অভিষেকের বক্তব্য, বাংলার মানুষ একদিকে এবং অন্যদিকে বিজেপি সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান।সমাজমাধ্যমে অভিষেক লেখেন, “পশ্চিমবঙ্গের মানুষ বনাম বিজেপি-ইসিআই-ইডি-আইটি-সিবিআই-এনআইএ-সিএপিএফ-রাজ্যপাল-২০ জন কেন্দ্রীয় মন্ত্রী-১০ জন মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী-শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি-গোদি মিডিয়া। যখন সমস্ত প্রতিষ্ঠান বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে। আসুন মোকাবিলা করি।”এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্যে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে। অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদাধিকারীর প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক রাজ্যের দায়িত্ব।সব মিলিয়ে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সম্পর্ক ও রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।