Share News

সানু, এখুন কলকাতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকেই রাজ্যের আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। ভরা বসন্তে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু রবিবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই পরিবর্তন। এর প্রভাবেই মেঘের সঞ্চার বাড়বে এবং ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। ফলে বসন্তের মাঝেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর মতো সতর্কতা মেনে চলা উচিত।