Share News

সানু মন্ডল, এখন কলকাতা: পশ্চিমবঙ্গে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা স্থগিত রাখার দাবি জানাল কংগ্রেস। এই মর্মে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।চিঠিতে অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, ভোটার তালিকা থেকে কোনও বৈধ নাগরিকের নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তাঁর দাবি, বর্তমানে বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং বহু ক্ষেত্রে শুনানি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় নির্বাচনের দিন ঘোষণা হলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হতে পারে।অধীরের বক্তব্য, কংগ্রেস দীর্ঘদিন ধরেই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার দাবিতে সরব। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে দলীয় নেতা-কর্মীরা এই ইস্যুতে আন্দোলনে নেমেছেন। নির্বাচন কমিশনের দফতরে স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে পথে নেমে প্রতিবাদ—সবই করা হয়েছে বলে দাবি তাঁর। তবু পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় অবশেষে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে আগে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ করতে হবে, তারপরই নির্বাচনের দিন ঘোষণা করা উচিত। এখন দেখার, নির্বাচন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।