Share News

নিউজ ব্যুরো, এখন কলকাতা : ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কত দফায় ভোট হবে এবং কবে ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ—এই প্রশ্নই এখন ঘুরছে রাজ্য রাজনীতিতে। এই আবহে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানালেন, পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন হবে, তা মূলত নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর। সবদলের সঙ্গে আলোচনা করেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।গত রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন। প্রথম পর্যায়ে রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার মোট ২৪ জন আধিকারিকের সঙ্গে আলোচনা হয়। এরপর শাসক ও বিরোধী-সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা।সমস্ত বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার জানান, দিল্লিতে ফিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেই ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, নির্বাচনের কাজে যুক্ত কোনও আধিকারিক যদি রাজনৈতিক দলের নির্দেশে কাজ করেন, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভোটার বা ভোটকর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি নেবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।স্বচ্ছতা বজায় রাখতে সব ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও বুথে প্রবেশের আগে ভোটারদের নির্দিষ্ট স্থানে মোবাইল রাখতে হবে এবং ইভিএমে প্রার্থীদের রঙিন ছবিও থাকবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার।