Share News

শুভশ্রী, এখন কলকাতা : দোল-হোলির রঙ মুছতেই বসন্তে উষ্ণতার দাপট বাড়ছে। বুধবার সকাল থেকেই শহর কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও গরমের আমেজ স্পষ্ট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন পারদ আরও চড়বে। এরই মাঝে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় খানিক স্বস্তি মিললেও তাপমাত্রা কমার তেমন ইঙ্গিত নেই।
Alipore Meteorological Department সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে বিস্তৃত। এছাড়া জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ এবং শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবেই শনিবার রাত থেকে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে। মঙ্গলবার ও বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
তবে আবহাওয়া দপ্তরের স্পষ্ট বার্তা, বৃষ্টির আগে ও পরে উষ্ণতা যথেষ্ট থাকবে। শীতের আমেজ কার্যত বিদায় নিয়েছে, বসন্তেই গরমের ইঙ্গিত স্পষ্ট।