Share News

সানু মন্ডল, এখন কলকাতা : শিশুদের টিকাকরণ আরও সহজ ও নাগালের মধ্যে আনতে নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে বিনামূল্যের সরকারি টিকা। সম্প্রতি এই মর্মে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানান, বড় বেসরকারি হাসপাতালের পাশাপাশি অনেক ছোট বেসরকারি হাসপাতালেও সরকারি টিকাদান কর্মসূচি চালু করা যেতে পারে। নতুন এই ব্যবস্থার ফলে টিকাকরণে কোনও ধরনের ভুলত্রুটি কমবে এবং আরও বেশি সংখ্যক শিশু সহজেই টিকা পাবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, ইউআইপি বা ইন্ডিয়ান ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায় শিশুদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলস-সহ মোট ১২টি রোগের টিকা। সাধারণত শিশু জন্মের পর সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকেই এই টিকাগুলি দেওয়া হয়।তবে এবার থেকে বেসরকারি হাসপাতালেও এই সরকারি টিকা দেওয়ার সুযোগ থাকবে। এর ফলে অনেক অভিভাবকের সুবিধা হবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে যাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান, তাঁদের আর আলাদা করে সরকারি কেন্দ্রে যেতে হবে না।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কোনও বেসরকারি হাসপাতাল এই কর্মসূচির আওতায় টিকাকরণ চালু করতে চাইলে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আবেদন জানাতে হবে। আবেদনপত্র খতিয়ে দেখে অনুমোদন দিলে তবেই ওই হাসপাতাল থেকে সরকারি টিকা দেওয়া যাবে। নতুন এই উদ্যোগে রাজ্যে টিকাকরণের পরিধি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।