Share News

সানু মন্ডল, এখন কলকাতা :উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। ফলে অনেক ক্ষেত্রেই কোচিং সেন্টারের উপর নির্ভরতা কমবে বলে আশা করছে শিক্ষা মহল।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি ড. পার্থ কর্মকার জানান, পড়ুয়াদের আরও সহজভাবে পাঠগ্রহণের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই ৬০০-রও বেশি শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়েছে। বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়, পরীক্ষার প্রস্তুতি এবং বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওগুলি।বর্তমানে সংসদের ওই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩৩,৭০০। পড়ুয়াদের মধ্যে এই অনলাইন শিক্ষার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই ধারাবাহিকভাবে নতুন ভিডিও আপলোড করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ কর্তৃপক্ষ।শিক্ষা দপ্তরের মতে, অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কারণে কোচিং সেন্টারে যেতে পারে না। তাদের কথা ভেবেই বাড়িতে বসে সহজে পড়াশোনা করার সুযোগ করে দিতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এতে করে পড়ুয়ারা নিজেদের সুবিধামতো সময়ে ভিডিও দেখে পড়াশোনা করতে পারবে।শিক্ষা মহলের একাংশের মতে, এই উদ্যোগের ফলে পড়ুয়াদের অতিরিক্ত খরচ কমবে এবং পড়াশোনার সুযোগ আরও বিস্তৃত হবে। ভবিষ্যতে আরও বেশি বিষয় এবং অধ্যায় নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করার পরিকল্পনাও রয়েছে সংসদের। ফলে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা এখন অনেকটাই সহজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।