Outline of a crowd of angry people,
Share News

সানু, এখন কলকাতা শূন্য পদে নিয়োগ, ইপিএফ চালু ও স্থায়ীকরণের দাবিতে বৃহস্পতিবার ফের রাজপথে নামলেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। ভোটের আগে নিজেদের দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণে চাপ বাড়াতে এদিন ‘কালীঘাট অভিযান’-এর ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশের অনুমতি না মেলায় কর্মসূচির রুট বদলাতে হয়। শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার পার্শ্ব শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন। দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে হাতে ব্যানার ও মুখে স্লোগান তুলে এগিয়ে যান তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের আশ্বাস দিলেও গত ১৫ বছরে তা বাস্তবায়িত হয়নি।

মঞ্চের এক সদস্য বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগদানের তারিখ থেকে ইপিএফ চালু করতে হবে। পাশাপাশি শূন্যপদে দ্রুত নিয়োগ, বেতন কাঠামোর সংস্কার ও স্থায়ীকরণের দাবিও তোলেন তাঁরা।

কালীঘাট অভিযানের অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁদের হুঁশিয়ারি, কলেজ স্কোয়ারে পুলিশ বাধা দিলে তার পাল্টা জবাব দেওয়া হবে। যদিও আন্দোলন শান্তিপূর্ণ রাখারই চেষ্টা করবেন বলে জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব।