Share News

সানু, এখন কলকাতা, SIR তালিকা নিয়ে আবারও নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে তিনি দাবি করেন, কমিশনের তালিকায় যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, তাঁদের অনেকেই এখনও জীবিত। এমনকি তাঁর নিজের পাড়াতেও এমন একাধিক ঘটনা রয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার পাড়ার রাস্তাতেও বেশ কয়েকজন জীবিত ‘মৃত’ কেস আছে। কাল তাঁদের এখানে নিয়ে আসব।” তাঁর অভিযোগ, SIR তালিকায় মোট ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, অথচ তাঁরা বাস্তবে জীবিত রয়েছেন। সেই ২২ জনকেই ধর্না মঞ্চে হাজির করা হবে বলে জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশনের খাতায় ওঁরা মৃত। কিন্তু বাস্তবে তাঁরা বেঁচে আছেন। আজ তাঁদের মঞ্চে এনে দেখানো হবে।” নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, “নির্লজ্জ, বেহায়া পার্টি এবং তাঁদের দালাল কমিশন।” তাঁর দাবি, এভাবে মানুষের পরিচয় ও অধিকার নিয়ে ভুল তথ্য তুলে ধরা অত্যন্ত উদ্বেগজনক।

মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁদের দল প্রতিটি বিষয় খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখে কাজ করে। তাই কমিশনের তালিকায় এমন ভুল ধরা পড়েছে। তিনি সংবাদমাধ্যমের কাছেও অনুরোধ করেন, যেন তাঁরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন।

মমতা জানান, যাঁদের মৃত বলে দেখানো হয়েছে সেই ২২টি পরিবারের সদস্যরাও ধর্না মঞ্চে আসবেন। তাঁদের সামনে এনে প্রমাণ করা হবে যে তাঁরা জীবিত। একইসঙ্গে তাঁদের দীর্ঘায়ু কামনাও করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।