Share News নিউজ ব্যুরো, এখন কলকাতা : ইরানকে ঘিরে চলা সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সোমবার এক মার্কিন সংবাদপত্রকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান সফল হয়েছে এবং যুদ্ধ কার্যত শেষ। তাঁর কথায়, আমেরিকা প্রত্যাশার আগেই বড় সাফল্য পেয়েছে। ট্রাম্প বলেন, ইরানের কাছে এখন কার্যত নৌসেনা বা বায়ুসেনা কিছুই নেই এবং তাদের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ফলে যুদ্ধ দ্রুত শেষ হয়ে গেছে বলেই তাঁর মনে হচ্ছে। সংবাদমাধ্যমটি ট্রাম্পের এই মন্তব্য নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সেই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের বক্তব্য থেকে অনেকটাই সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। পরে অন্য একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আমেরিকা এখনও যুদ্ধ জেতেনি এবং পরিস্থিতি পুরোপুরি শেষ হয়ে যায়নি। ট্রাম্পের এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, মার্কিন প্রশাসনের অবস্থান আসলে কী। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত এখনও পুরোপুরি থামেনি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনও অস্থিরই রয়েছে এবং সংঘাত থামার কোনও স্পষ্ট লক্ষণ এখনও পর্যন্ত সামনে আসেনি। Post navigation দিদি–জামাইবাবুর মৃত্যুসংবাদ নিয়েই ফাইনালে ঝড়, বিশ্বকাপ দিদিকেই উৎসর্গ ঈশানের রাত পোহালেই বার কাউন্সিল নির্বাচন, আইনজীবী মহলে তুঙ্গে উত্তেজনা