Share News

শুভশ্রী, এখন কলকাতা : কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কর্নাটক সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী Siddaramaiah ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সী কেউ আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। শুক্রবার কর্নাটক বিধানসভায় বাজেট পেশের সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সরকারের মতে, অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কাটানোর ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং বাস্তব সামাজিক জীবন থেকেও দূরে সরে যাচ্ছে কিশোর-কিশোরীরা। এই পরিস্থিতি মোকাবিলাতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত মাসে বেঙ্গালুরুতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে বাড়তে থাকা মোবাইল আসক্তি, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার এবং অনলাইন গেমিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত উপাচার্যদের কাছ থেকেও মতামত নেন মুখ্যমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে সরকার কড়া সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন এই নিয়মের মূল লক্ষ্য হল শিশু ও কিশোরদের মানসিক বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার কমানোও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।
এদিকে, পড়াশোনার পরিবেশ উন্নত করতে কর্নাটক সরকার সম্প্রতি শিশুদের বই পড়ার অভ্যাস বাড়াতে এবং লাইব্রেরিতে যাওয়ার প্রবণতা তৈরি করতে একটি বিশেষ সচেতনতা কর্মসূচিও শুরু করেছে। সরকারের আশা, এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে আরও মনোযোগী ও সৃজনশীল হতে সাহায্য করবে।